পিন্টারেস্ট ব্যবহারকারী ৩০ কোটি

৪ আগষ্ট, ২০১৯ ১২:০১  
আয় ও ব্যবহারকারী বাড়ার দিক থেকে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে ভার্চ্যুয়াল বুলেটিন বোর্ড হিসেবে পরিচিত পিন্টারেস্ট ব্যবহারকারীর সংখ্যা। এখন বিশ্বে ৩০ কোটির বেশি অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ভার্চ্যুয়াল বোর্ডে তাদের পছন্দ অনুযায়ী ছবি পিন করেন ব্যবহারকারীরা। পিন্টারেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ও বৈশ্বিক পর্যায়ে পিন্টারেস্ট ব্যবহারকারী বেড়েছে। গত প্রান্তিকে বিশ্বব্যাপী পিন্টারেস্ট ব্যবহারকারী বেড়েছে ৩০ শতাংশ। পাশাপাশি বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল থেকে জুন মাসে তাদের আয়ও বেড়েছে। সামাজিকযোগাযোগ মাধ্যম নিয়ে গবেষণকারী প্রতিষ্ঠান বেয়ার্ড ইকুইটি রিসার্চ এর বিশ্লেষক কোলিন সেবাস্তিয়ান বার্তা সংস্থা রয়টার্স-কে বলেন, পিন্টারেস্ট ব্যবহারকারী বাড়ার হার এ প্ল্যাটফর্মের শক্তিশালী অবস্থান নির্দেশ করে। এখন গ্রাহক ও বিজ্ঞাপনদাতাদের কাছে পিন্টারেস্ট আকর্ষণীয় হয়ে উঠছে। বিনিয়োগকারীরা যা চেয়েছিলেন পিন্টারেস্ট তা করে দেখাতে পেরেছে। অপরদিকে পিন্টারেস্টের উদ্যোক্তার মতে, এটি সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি ব্যক্তিগত টুল। বন্ধুরা কী করছে, তা দেখতে কেউ পিন্টারেস্টে আসে না। এখানে উৎসাহ ও ধারণা নিতে আসে। প্রসঙ্গত, ২০১৬ সালে পিন্টারেস্ট ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ছাড়ায়।